সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মহাদ্দিস রবিউল বাশার।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন।”
তিনি বলেন, কোনো তথ্য সংবাদ হিসেবে প্রকাশের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এমপি রবিউল বাশার আরও বলেন, আশাশুনি প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়। ভবন নির্মাণসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা আমির প্রভাষক আব্দুর সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই দীপ্তিস কুমার, অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে এমপি রবিউল বাশার আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।