আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র এবং একই নাম ব্যবহার করে আরেকটি প্রতিষ্ঠান স্থাপনের চেষ্টা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় চিলাহাটি বসুনিয়া পাড়ায় অবস্থিত বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, রান ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস) এর সহযোগিতায় গত ২০১৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে সেখানে প্রায় শতাধিক অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করে। সম্প্রতি কুচক্রী মহলের কিছু লোকজন একই নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সাবেক এক-দু’জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ফিউচার প্রি-ক্যাডেট স্কুলে একই নামে নতুন প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছে, সেখানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন, নতুন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠায় তাদের কোনো আপত্তি নেই, তবে বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান পরিচালনা করা থেকে বিরত থাকার আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজ আলম, মজনু আলম, ইমরান হোসেন, মর্জিনা আক্তার লুনা সহ এলাকার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তারা।