ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়ার কেক কেটে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকালে রাণীশংকৈল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক ফারুক আহম্মেদ, নুরুল হক,একে আজাদ,নোমান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবীণ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে দৈনিক করতোয়ার প্রতিনিধি মো.বিপ্লব বলেন, হাঁটি হাঁটি পা পা করে দৈনিক করতোয়া আজ ৫১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশক সময় ধরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সংবাদপত্রের জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি তার পাঠকদের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের কথা আরও শক্তভাবে তুলে ধরবে এমন প্রত্যাশা।