জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আবু নছর চৌধুরী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ধরঞ্জী দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ।
সভায় চেয়ারম্যান প্রার্থী আবু নছর চৌধুরী ফরহাদ বলেন, এই ইউনিয়নে দুই প্রভাবশালী ব্যক্তি প্রায় ৪০ বছর ধরে শাসন করেছেন। নির্বাচনের সময় তারা জনগণকে নানা মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নেন। কিন্তু নির্বাচনের পর জনগণকে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়েছে। এবার সময় এসেছে তাদের জবাব দেওয়ার।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, এতদিন আপনারা বড়লোক ও টাকা-ওয়ালাদের ভোট দিয়ে প্রতারিত হয়েছেন। এবার বড়লোক ও টাকা-ওয়ালাদের বর্জন করে পুরাতনদের বাদ দিয়ে নতুনদের নিয়ে আসুন।
নিজের রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা তুলে ধরে ফরহাদ বলেন, আমি দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোট পেয়েও ক্ষমতাসীনদের নানা কারসাজির কারণে পরাজিত হয়েছি। তারপরও আমি আপনাদের কাছ থেকে দূরে থাকিনি। যখন, যেখানে আমাকে ডেকেছেন, সেখানেই ছুটে গিয়েছি।
তিনি আরও বলেন, এবার আমাকে একজন গরিবের চেয়ারম্যান হিসেবে সুযোগ দিন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করব। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পাঁচ বছর পর আমাকে ছুড়ে ফেলে দেবেন।
সভায় ধরঞ্জী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সহস্রাধিক নারী পুরুষ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।