মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আশাশুনি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আশাশুনিতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল গাজী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে হাফিজুল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ। তিনি জানান, ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কৌটার ভেতর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি জাহাঙ্গীর আরিফ আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৬/১৮৪ নম্বর মামলা করা হয়েছে। এছাড়া হাফিজুল গাজীর বিরুদ্ধে আশাশুনি, তালা ও সাতক্ষীরা সদর থানায় মোট ৫টি মামলা রয়েছে।
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন ওসি জাহাঙ্গীর আরিফ। তিনি জানান, মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আটক হাফিজুল গাজীকে বুধবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানান আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফ।