আশাশুনিতে মাদক সেবনের সময় হাতেনাতে আটক দীপঙ্কর শীল (৩৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০১ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ বড়দল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিমাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর শীলকে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুণ্ডু ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দীপঙ্কর শীলকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০১ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দীপঙ্কর শীলকে পুলিশি প্রহরায় সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।