বগুড়ার মোকামতলা উপজেলার দেউলী এলাকায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের সাজু, মিনাজুল ও রব্বানী এবং বগুড়া সদর উপজেলার ধলমন বামনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা, বর্তমানে একই এলাকায় বসবাসকারী আনছার।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, বুধবার দিবাগত গভীর রাতে চুরির উদ্দেশ্যে তারা দেউলী এলাকায় অবস্থান নেয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মোকামতলা ও আশপাশের এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।