শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে উপজেলার সাতজন অসহায় ও দুস্থ ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ১৫০টি পরিবারের মধ্যে একটি করে শাড়ি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন করবেন। কোনো মানুষ যেন আর্থিক অসচ্ছলতার কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে জন্য আমাদের সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সরকারের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, বুধহাটা কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, মহিলা কলেজের প্রভাষক রতন কুমার অধিকারী, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানানো হয়।