আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বস্ত্রীক উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। গত দুই দিনে তিনি আশাশুনি উপজেলার ১১টা ইউনিয়নে ১০৬টি পূজা মন্ডপের মধ্যে ৪০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার-ভিডিপি সদস্য এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসন ও পুলিশকে জানাতে হবে।” উপজেলা নির্বাহী অফিসার বলেন, আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্যাপন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলা, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানান। দুই দিনে উপজেলার ৪০টি পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়াকে প্রশাসনের নিয়মিত তদারকির অংশ হিসেবে দেখা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।