মনজু হোসেন, পঞ্চগড়ঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগদল বাজারে অবস্থিত মেসার্স স্বপন ট্রেডার্সের সৌজন্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সম্প্রতি জগদল বাজারে অবস্থিত মেসার্স স্বপন ট্রেডার্সের সৌজন্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে সাধারণ মানুষ ঘরের কাছেই আধুনিক ব্যাংকিং সুবিধা পাচ্ছেন এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হচ্ছে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনাও করা হয়।
শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।