
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার ৩ নম্বর শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুরে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে তাঁরা পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য তাঁরা স্থানীয় প্রশাসন, পূজা উদ্যাপন কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো ধরনের গুজব, উসকানি বা অপ্রীতিকর কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য চুন্নু মণ্ডল, সাবেক ইউপি সদস্য আবু হাসান দুলা, সাবেক ইউপি সদস্য আনছার আলী, বিকাশ কুমার বসাক অতিরিক্ত জেলা ও দায়রা জাজ জয়পুরহাট, বিএনপি নেতা খলিলুর রহমান খলিল, ইউপি সদস্য বাদল, মোকামতলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান মিলু, শিবগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম, শিবগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, মামুন ইসলাম, সমাজসেবক ফেরদৌস মণ্ডল ও মমিন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্যরা নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো