
বগুড়ার শিবগঞ্জ উপজেলা-র আটমূল পূর্বপাড়া গ্রামে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেম, পরে শারীরিক সম্পর্ক এবং এক সন্তানের জন্মের ঘটনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে আটমূল পূর্বপাড়া গ্রামের যুবক মুসাব্বিরের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলতে থাকে বলে অভিযোগ করেন ওই নারী।
নারীর দাবি, সম্পর্কের জের ধরে তিনি এক সন্তানের জননী হয়েছেন। তবে বর্তমানে প্রেমিক মুসাব্বির বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি ন্যায়বিচার ও বিয়ের দাবিতে বুধবার (১৭ জুন ২০২৬) প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন।
এদিকে, প্রেমিকার বাড়িতে আসার খবর পেয়ে প্রেমিক মুসাব্বির বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা প্রেমিকের বাড়ির আশপাশে ভিড় জমাতে শুরু করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক: এম এ আছাদ
বিজয়ের আলো