পঞ্চগড়ে বহুল আলোচিত কমলাপুর-লাঙ্গলগাঁও সড়ক পাকাকরণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ
পঞ্চগড় থেকে আজহারুল ইসলাম (আজহার)
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কমলাপুর ও লাঙ্গলগাঁও গ্রামের মাঝামাঝি দোরুয়াপাড়া মন্দিরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।তবে আন্দোলনের পরেই সংস্কার করা হলেও হয়নি রাস্তা পাকা করনের ব্যবস্থা,পাকা করা না হওয়া পর্যন্ত ভারী যান চলাচলে এলাকাবাসীর আপত্তি রয়েছে।কারণ এই রাস্তা ভালো না থাকলে বিশেষ করে এই বর্ষা মৌসুমে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও কৃষিজ পণ্য পরিবহনসহ জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তাটি পাকাকরণ না হওয়া পর্যন্ত ভারি যানবাহন চলাচল করলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আমিনুল ইসলাম, গণধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান, পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলীসহ এলাকার শিক্ষক, ব্যবসায়ী, নারী, যুবক ও সর্বস্তরের জনসাধারণ।
বক্তারা আরও বলেন, এলাকাবাসীর একমাত্র দাবি—এই রাস্তাটি অবিলম্বে পাকাকরণ করা হোক। জনদুর্ভোগ লাঘবে এটিই এখন সময়ের দাবি।