খুলনা পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দারের বিরুদ্ধে হিন্দু কৃষকের ক্ষেতের ধান কাঁটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক বিএনপি নেতা সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার দক্ষিণ কুমখালী গ্রামের মৃত দীনেশ বৈদ্যের ছেলে কৃষক ধীমান বৈদ্য। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।
কৃষক ধীমান বৈদ্য জানান, আমন মৌসুমে কুমখালী মৌজায় আমার পরিবারের ৯ বিঘা জমিতে আমন ধান রোপন করি। রোপনের পরে গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার বিভিন্ন সময়ে ধানের অর্ধেক ভাগের দাবি করে আসছিল। এক পর্যায়ে আমরা ধানের ভাগ দিতে অস্বীকার করলে সে ধান কেটে নেওয়ার হুমকি দেয়।
ধীমান বৈদ্য অভিযোগ করেন ধান কাঁটা মৌসুমে আমি বাড়ীতে না থাকার সুযোগে গত ১৩ ডিসেম্বর ভোরে মিজান জোয়ার্দারের হুকুমে ইয়াসিন শেখ ও আলম গাজী নেতৃত্বে প্রতিপক্ষরা ৯ বিঘা জমির সম্পূর্ণ ধান কেঁটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হবে। এ ঘটনায় মিজান জোয়ার্দার সহ ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে কৃষক ধীমান জানান।
ধান কাটার অভিযোগটি সঠিক নয় দাবি করে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়ার্দার বলেন ধান কাটার সাথে আমার সংশ্লিষ্টতা নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করছে।
থানার ওসি গোলাম কিবরিয়া বলেন সরেজমিন গিয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।